আগামী দুমাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি।সৌদি আরবে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইড লাইনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে এক বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী এই আশ্বাস দিয়েছেন।মঙ্গলবার (২৭ জানয়ারি) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণে ওমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন।তিনি বাংলাদেশি দক্ষ কর্মী যেমন- প্রকৌশলী, চিকিৎসক, নার্সরাও যাতে করে ওমানের শ্রমবাজারে প্রবেশ করতে পারে এর জন্য ওমানের শ্রমমন্ত্রীর সহযোগিতা চান। পাশাপাশি অদক্ষ, আধা-দক্ষ কর্মী ভিসার ওপর স্থগিতাদেশ পর্যালোচনার অনুরোধ জানান।ওমানের শ্রমমন্ত্রী জানান, বিদ্যমান অনিয়মিত ও আনডকুমেন্টেড প্রবাসী কর্মীদের নিয়মিতকরণের বিষয়টি প্রাধান্য দিয়ে ২০২৩ থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা স্থগিত রাখা হয়। তিনি আগামী দুমাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করার আশ্বাস দেন।উপদেষ্টা অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, আইনি সংস্কার, কর্মী পাঠানোর আগে দক্ষতা যাচাই, প্রাক বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে স্বাগতিক দেশের ভাষা, সংস্কৃতি ও আইন-কানুন সম্পর্কে অবহিতকরণসহ অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে ওমানের শ্রমমন্ত্রীকে অবহিত করেন।উপদেষ্টা চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী অধিবেশন আহ্বানের প্রস্তাব করেন।এ ছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং শ্ৰম সহযোগিতা বাড়ানোর জন্য ইতোমধ্যে চূড়ান্তকৃত সমঝোতা স্মারকটি স্বাক্ষরের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান।