প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 10, 2026 ইং
রাজধানীর মোহাম্মদপুরে ‘ডট ইন্টারনেট’ অফিসে মাস্কধারীদের হামলা, মালামাল লুট

স্টাফ রিপোর্টার, ঢাকা:
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট অফিসে একদল মাস্ক পরিহিত অজ্ঞাতনামা দুর্বৃত্ত হামলা চালিয়েছে। এ সময় তারা অফিসের দুই কর্মকর্তা-কর্মচারীকে পিটিয়ে আহত করে এবং মোবাইল ফোন সহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, লালমাটিয়া ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে ২০-২৫ জনের একটি দল মাস্ক পরা অবস্থায় জোরপূর্বক প্রবেশ করে। দুর্বৃত্তরা অনধিকার প্রবেশ করেই প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর প্রদীপ ঢালী এবং সিটিও মো. মিঠু হাওলাদারকে খুঁজতে থাকে।
সে সময় অফিসে উপস্থিত এ্যাকাউন্ট ম্যানেজার মো. ইব্রাহিম হাওলাদার এবং ইলেকট্রিশিয়ান মো. জালাল তাদের আসার কারণ জানতে চাইলে দুর্বৃত্তরা উত্তেজিত হয়ে তাদের এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে তাঁরা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান এবং পরবর্তীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
হামলাকারীরা অফিস থেকে একটি সিপিইউ, একটি ওয়াইফাই রাউটার এবং একটি মোবাইল ফোন চুরি করে, যার আনুমানিক মূল্য ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা। যাওয়ার সময় তারা স্টাফদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্পোরেট কো-অর্ডিনেটর অফিসার মো. ছগির হোসেন আসিফ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ আসামিদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক নয়াদিন