৩০ শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান, হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীকে পাগড়ী পরিয়ে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
কুরআনিক শিক্ষার প্রসার, ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং নৈতিকতাসম্পন্ন আদর্শ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে রাজধানীর ইলহাম ইসলামিক স্কুলে নাজেরা ও হিফজ বিভাগের শিক্ষার্থীদের কুরআন সবক ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর ইলহাম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান করা হয়। একই সঙ্গে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী হাফেজ ফাহাদ হোসেনকে পাগড়ী পরিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মুহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইলহাম ইসলামিক স্কুলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এএফএম নুরুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ওবায়দুল্লাহ তারেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলহাম ইসলামিক স্কুলের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান সাইয়্যেদ মুহাম্মদ রুবেল এবং সাবেক বিমান বাহিনী কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মো. আহমেদ আলী।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন হিফজ বিভাগের ইনচার্জ শায়খ ক্বারী আবু ইউসুফ। বক্তব্য দেন স্কুলের সিইও রমজান আলী ও প্রধান শিক্ষক হারুন উর রশিদ। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন সাংবাদিক নিয়াজ মাহমুদ। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা বলেন, “পবিত্র কুরআন মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ হেদায়েত। কুরআন শিক্ষা অর্জন একজন মুসলিমের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে শুধু কুরআন মুখস্থ করাই যথেষ্ট নয়, বরং এর শিক্ষা, আদর্শ ও নির্দেশনা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।”
তিনি বলেন, একজন হাফেজে কুরআন পরিবার ও সমাজের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের কুরআনের আলোয় নিজেদের জীবন গড়ে তোলার পাশাপাশি কুরআনের আদর্শ চরিত্র ও আচরণে ধারণ করতে হবে। এ ধরনের আয়োজনের জন্য তিনি স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে ওবায়দুল্লাহ তারেক বলেন, “পবিত্র কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং এটি মানবজীবনের পূর্ণাঙ্গ পথনির্দেশনা। কুরআনের শিক্ষা একটি শিশুর জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও নৈতিকতাপূর্ণ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, ইলহাম ইসলামিক স্কুলের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে সহায়তা করা নয়, বরং তাদের কুরআনের আলোয় আলোকিত, নৈতিকতাসম্পন্ন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআনিক শিক্ষার সমন্বয়ে একটি আলোকিত প্রজন্ম গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের এ অর্জনে তিনি শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।
প্রধান মেহমান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এএফএম নুরুদ্দিন তাঁর বক্তব্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি আদর্শ জাতি গঠনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই। শিশুদের ছোটবেলা থেকেই কুরআন ও সুন্নাহর আলোকে গড়ে তুলতে হবে। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হিফজ সম্পন্নকারী শিক্ষার্থী হাফেজ ফাহাদ হোসেনকে পাগড়ী পরিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান। এ সময় উপস্থিত অতিথিরা তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি ৩০ জন শিক্ষার্থীর কুরআন সবক গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সৃষ্টি হয় আনন্দঘন ও আবেগময় পরিবেশ।
অনুষ্ঠানে বক্তারা কুরআনিক শিক্ষার প্রসার, নৈতিকতা ও ইসলামিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
কুরআনের শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে নৈতিকতা, ইসলামিক মূল্যবোধ এবং মানবিক গুণাবলিসম্পন্ন সুনাগরিক গড়ে তোলার প্রত্যয়ে ইলহাম ইসলামিক স্কুলের এ আয়োজন উপস্থিত সবার মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।
নিউজ ডেস্ক: